সিরাজগঞ্জ-৪ আসনে ভোট পুনর্গণনার দাবি বিএনপি প্রার্থীর

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০৮

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের ভোট পুনর্গণনা ও ঘোষিত ফলাফল স্থগিত চেয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক এমপি এম. আকবর আলী। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে তিনি এ দাবি জানান।

এম. আকবর আলী অভিযোগ করেন, কেন্দ্রভিত্তিক ১৪৭টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীক ৭ শতাধিক ভোটে এগিয়ে ছিলেন। তবে উপজেলা কার্যালয় থেকে ফলাফল জেলা প্রশাসক কার্যালয়ে নেওয়ার পর, তাদের উপস্থিতি ছাড়াই পোস্টাল ব্যালটের ভোট যুক্ত করে বেসরকারি ফলাফলে তাকে পরাজিত ঘোষণা করা হয়। 

তিনি বলেন, ভোট গণনার সময় অস্বাভাবিক পরিমাণে ভোট বাতিল করা হয়েছে, যা সন্দেহজনক। এছাড়া নির্বাচনের সময় আমাদের এজেন্টদের বেশ কয়েকটি কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছিল।

এম. আকবর আলী অভিযোগের কপি নির্বাচন কমিশনেও পাঠানো হয়েছে। তিনি জানান, রিটার্নিং অফিসার ব্যবস্থা না নিলে কমিশনে আপিল করবেন, তাতেও ন্যায় বিচার না পাওয়া গেলে আদালতের দ্বারস্থ হবেন।

এর আগে বৃহস্পতিবার রাতে ভোট গণনার পর সিরাজগঞ্জ-৪ আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী রফিকুল ইসলাম খানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। রফিকুল ইসলাম খান পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮৭২ ভোট, আর এম. আকবর আলী পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৮ ভোট। মাত্র ৫৯৪ ভোটের ব্যবধান নিয়ে এগিয়ে থাকেন রফিকুল ইসলাম খান। জেলার বাকি পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা জয়লাভ করেছেন।

ইত্তেফাক/এএইচপি