চারঘাট-বাঘায় ভিন্ন চিত্র: জয়ীকে বিজয়ের মালা পরালেন পরাজিত প্রার্থী

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫৬

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।

নির্বাচনের ফল ঘোষণার পরদিন সকাল থেকেই তার চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের বাসভবনে ভিড় করেন দুই উপজেলার হাজারো সমর্থক। ফুলের তোড়া ও মালা দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান ধানের শীষ প্রতীকের কর্মী-সমর্থকরা।

তবে এ আসনের নির্বাচনে একটি ভিন্নধর্মী দৃশ্য নজর কাড়ে সবার। পরাজিত প্রার্থী জামায়াতে ইসলামীর অধ্যক্ষ নাজমুল হক বিজয়ী প্রার্থী আবু সাঈদ চাঁদের গলায় মালা পরিয়ে দেন এবং মুখে মিষ্টি তুলে দেন। চারঘাট-বাঘার সুশীল সমাজের নেতৃবৃন্দ এ ঘটনাকে ইতিবাচক ও গণতান্ত্রিক সংস্কৃতির দৃষ্টান্ত হিসেবে মন্তব্য করেছেন। এ দৃশ্যের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

সরেজমিনে দেখা গেছে, বৃহস্পতিবার রাতে ফলাফল ঘোষণার পর শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আবু সাঈদ চাঁদের বাসভবনে ছিল উৎসবমুখর পরিবেশ। সমর্থকদের অনেকেই আবেগাপ্লুত হয়ে তাকে আলিঙ্গন করেন। একের পর এক ফুলের মালা ও শুভেচ্ছায় সিক্ত হন নবনির্বাচিত এই সংসদ সদস্য।

এর আগে নির্বাচনী জনসভায় আবু সাঈদ চাঁদ বলেন, নির্বাচিত হলে তার দলে চাঁদাবাজ ও মাদকসেবীদের স্থান হবে না এবং তিনি এলাকায় উন্নয়নে কাজ করবেন। তিনি দাবি করেন, বিগত সরকারের আমলে ছয় বছর কারাভোগ করেছেন এবং দলের জন্য সংগ্রাম করতে গিয়ে ব্যক্তিগত ক্ষতিও স্বীকার করেছেন। দল-মত নির্বিশেষে সকলের সমর্থন চেয়ে তিনি এলাকার মানুষের সেবা করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ইত্তেফাক/এএইচপি