শুকরের চর্বি দিয়ে গবাদি পশুর খাদ্য উৎপাদন, জরিমানা ৭৫ লাখ টাকা

আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ১৯:১৯

মেয়াদ উত্তীর্ণ রাইস ব্রান তেল নতুন করে মেয়াদ বসিয়ে পুনরায় বাজারজাত করাসহ আমদানি নিষিদ্ধ শুকরের চর্বি ও মাংস দিয়ে পোল্ট্রি ফিড ও গবাদি পশুর খাদ্য উৎপাদন করায় কেবিসি এগ্রো প্রোডাক্টস প্রাইভেট লিমিটেডকে ৭৫ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ধামরাইয়ের বাথুলী এলাকায় র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন প্রায় ২ হাজার মেট্রিক টন শুকরের চর্বি ও মাংস জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সাংবাদিকদের জানান, প্রতিষ্ঠানটি দীর্ঘ দিন ধরে হেলথ কেয়ার নামে রাইস ব্রান তেল বাজারজাত করে আসছে। প্রতিষ্ঠানটির বাজারজাত করা তেলের বোতল মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে প্রতিষ্ঠানটি কৌশলে সে সব মেয়াদ উত্তীর্ণ তেল সংগ্রহ করে কারখানায় নিয়ে এসে নতুন করে মেয়াদ ও লেভেল বসিয়ে পুনরায় বাজারজাত করে আসছিল। এছাড়া দেশে শুকরের চর্বি ও মাংস আমদানি নিষিদ্ধ থাকলেও তারা ওইসব শুকরের চর্বি ও মাংস দিয়ে পোল্ট্রি ফিডি এবং  গবাদি পশুর খাদ্য উৎপাদন করে আসছিল। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিতে ৭৫ লাখ টাকা জরিমানা করা হয়।

ম্যাজিস্ট্রেট আরো জানান, শুকরের চর্বি ও মাংস যারা আমদানি করে এই প্রতিষ্ঠানের কাছে বিক্রি করছে তাদের চিহিৃত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

ইত্তেফাক/জেডএইচ