বিদেশে কাজ করতে গিয়ে নানা জটিলতায় কারাগারে আটক বাংলাদেশিদের জন্য এসেছে স্বস্তির খবর। মালদ্বীপে বন্দি বাংলাদেশি নাগরিকদের নিজ দেশে স্থানান্তরের উদ্যোগে একধাপ এগিয়েছে বাংলাদেশ ও মালদ্বীপ।
কারাবন্দি স্থানান্তর সংক্রান্ত সমঝোতা স্মারক দ্রুত বাস্তবায়নে নীতিগত ঐকমত্যে পৌঁছেছে দুই দেশ। রাজধানী মালেতে অনুষ্ঠিত এক বৈঠকে এ অগ্রগতির বিষয়টি নিশ্চিত করা হয়।
মালদ্বীপ কারেকশনাল সার্ভিসের সদর দপ্তরে আয়োজিত বৈঠকে বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম এবং মালদ্বীপের কারাবিভাগের কমিশনার হাসান জারী অংশ নেন।
বৈঠকে মালদ্বীপের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশি নাগরিকদের বর্তমান অবস্থা, আইনি জটিলতা ও মানবিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দীর্ঘদিন পরিবার থেকে বিচ্ছিন্ন থাকা প্রবাসীদের মানসিক ও সামাজিক অবস্থার বিষয়টিও গুরুত্ব পায়।
মালদ্বীপ কর্তৃপক্ষ কারা প্রশাসনে ভাষাগত চ্যালেঞ্জের কথা তুলে ধরে কারাগারে বাংলা ভাষা শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করে। একই সঙ্গে কারা কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়নেও সহযোগিতার কথা জানানো হয়।
বাংলাদেশের হাইকমিশনার জানান, সমঝোতা স্মারক কার্যকর হলে বন্দিদের পরিবারের সঙ্গে যোগাযোগ ও সাক্ষাৎ সহজ হবে, দেশে ফিরে পুনর্বাসনের সুযোগ বাড়বে এবং দীর্ঘদিনের মানসিক চাপ কমবে। পাশাপাশি বিদেশি কারাবন্দিদের রক্ষণাবেক্ষণে মালদ্বীপ সরকারের প্রশাসনিক ও আর্থিক চাপও হ্রাস পাবে।
উভয়পক্ষ কারা প্রশাসনসহ প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে একমত হয়েছে। উদ্যোগটি বাস্তবায়িত হলে মালদ্বীপে আটক বাংলাদেশি প্রবাসীদের জন্য তা বড় মানবিক স্বস্তি বয়ে আনবে এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

