যুবদল নেতার দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ, জামায়াতের দুই নেতা গ্রেপ্তার

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৫

উল্লাপাড়ার উপজেলার উধুনিয়া ইউনিয়নের গজাইল গ্রামে নির্বাচন-পরবর্তী সহিংসতায় বিএনপির নেতার দোকানে হামলা-ভাঙচুর এবং লুটপাটের অভিযোগে একই ইউনিয়নের জামায়াতের আমির আব্দুল আলিম সরদার ও সাধারণ সম্পাদক আব্দুল কাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। উল্লাপাড়া মডেল থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত যুবদল নেতা আব্দুল লতিফ মামলা দায়ের করেন। পুলিশ শনিবার রাতে অভিযুক্তদের গ্রেপ্তার করেন।

মামলা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গজাইল বাজারে উধুনিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফের দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও মালামাল লুট করা হয়। তিনি অভিযোগ করেন, বিএনপি প্রার্থীর পরাজয়ের পর জামায়াতের আমির ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা এই হামলা চালায়।

তবে এই অভিযোগ অস্বীকার করে উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল আলিম সরদার বলেন, ‘বিএনপির লোকজনই আগে তাদের অফিসে হামলা চালিয়েছে।’

উল্লাপাড়া মডেল থানার ওসি সাকিউল আযম জানান, অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে এবং তদন্ত চলছে।

ইত্তেফাক/এএম