নেদারল্যান্ডসে কর্মস্থলে ফিরে গেছেন ফয়েজ তৈয়ব: সেফ এক্সিট প্রসঙ্গে রিজওয়ানা

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৩

সাবেক উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়্যব দেশে থাকতেন না- উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, ফয়েজ আহমদ তৈয়্যব দেশ ছেড়ে চলে গেছেন এটা বলার আগে বলতে হবে ফয়েজ  তৈয়্যব দেশে এসেছিলেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিবেশ উপদেষ্টা জানান, ফয়েজ তৈয়্যব দেশে থাকতেন না। তিনি কাজ করতেন নেদারল্যান্ডসে এবং তার পরিবারও সেখানে থাকে। ফয়েজ তৈয়্যব দেড়টা বছর তার পরিবার থেকে আলাদা থেকে রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন। এখন রাষ্ট্রের দায়িত্ব শেষ হয়েছে, তিনি তার পরিবারের কাছে ফেরত গেছেন। এটাকে অনেকে ভিন্নভাবে উপস্থাপন করতে চাইছে বলেও মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা।

সৈয়দা রিজওয়ানা হাসান জানান, ফয়েজ আহমেদ তৈয়্যব যে টেলিযোগাযোগ খাতে সংস্কার কার্যক্রমগুলো করেছেন, সেগুলো অনেকের পছন্দ হয়নি। তাই তারা এ কথাগুলো বলছে।

পরিবেশ উপদেষ্টা আরও বলেন, ‘দেশে একটা গ্রুপ আছে যারা সবকিছুতেই নাটকীয়তা, উত্তেজনা তৈরির চেষ্টায় থাকে, এটা তারই প্রয়াস। এটার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্কই নেই। বরং আমাদের অ্যাপ্রিশিয়েট করা উচিত ছিল যে দেড় বছর সে তার পরিবারকে রেখে এসে দেশের জন্য কাজ করেছে।’

ইত্তেফাক/এটিএন