১৭ বছর বয়সী এক ইংলিশ কিশোর। জানুয়ারি ২০১১। লিগ ওয়ানে লেটন ওরিয়েন্টের হয়ে শেফিল্ড ওয়েডনেসডের বিপক্ষে গোল করেছিলেন। সেদিন কেউ ভাবেনি, সেই ছেলেটি একদিন ৫০০ গোলের মহাকাব্য লিখবে। ১৫ বছরের একটু বেশি সময় পর হ্যারি কেইন এখন ৫০০ পেশাদার গোলের মালিক। ক্লাব ও দেশের জার্সি মিলিয়ে এই মাইলফলকে পৌঁছানো প্রথম ইংলিশ ফুটবলার তিনি।
ওয়ের্ডার ব্রেমেনের বিপক্ষে বায়ার্ন মিউনিখের ৩-০ জয়ে জোড়া গোল করে ইতিহাস ছুঁয়েছেন ৩২ বছর বয়সী এই স্ট্রাইকার। এই ৫০০ গোলের ভেতরে লুকিয়ে আছে ধারাবাহিকতার এক বিরল গল্প। লেটন ওরিয়েন্টে পাঁচ গোল। লেস্টার সিটিতে দুই। মিলওয়ালে ৯। এরপর টটেনহাম হটস্পারে ২৮০ গোল করে হয়ে ওঠেন ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

২০২৩ সালে বায়ার্নে যোগ দেওয়ার পর আরও এক অধ্যায়। শনিবার পর্যন্ত জার্মান জায়ান্টদের হয়ে ১৩১ ম্যাচে ১২৬ গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে ৩৫ ম্যাচে ৪১ গোল। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এর চেয়ে বেশি গোল কারো নেই।
২০২০-২১ ও ২০২১-২২ মৌসুমে ২২ ম্যাচ শেষে পোলিশ ও বার্সেলোনা স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কির ২৬ গোলের রেকর্ডও স্পর্শ করেছেন তিনি। এখন লক্ষ্য হতে পারে এক মৌসুমে ৪১ গোলের সেই ঐতিহাসিক রেকর্ড।

