পরাজয়ের পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন শামীম সাঈদী

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০৩

পিরোজপুর-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী শামীম সাঈদী নির্বাচনে পরাজয়ের পর তার সমর্থক ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকালে তার নিজ ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এ-সংক্রান্ত একটি পোস্ট দেন তিনি।

পোস্টে তিনি উল্লেখ করেন, সমর্থকদের ভালোবাসার ঋণ কোনোভাবেই পরিশোধ করার মতো নয় এবং হৃদয়ের গভীর থেকে তিনি সবার প্রতি কৃতজ্ঞ। নির্বাচনের পর অনেকেই ফোন ও বার্তার মাধ্যমে সমবেদনা ও খোঁজখবর নিয়েছেন উল্লেখ করে তিনি সবার উত্তর দিতে না পারায় দুঃখ প্রকাশ করেন।

তিনি আরও বলেন, তাদের পথচলা থেমে যাবে না এবং সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আরও সক্রিয় হতে হবে। এবারের ভুল থেকে শিক্ষা নিয়ে আগামীতে তা কাজে লাগিয়ে সফলতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তিনি জানান, অতীতের মতো তিনি এখনো জনগণের পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

শামীম সাঈদীর এই স্ট্যাটাস প্রকাশের পর তার সমর্থকদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মন্তব্যের মাধ্যমে তার প্রতি সমর্থন, সাহস ও ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন।

উল্লেখ্য, শামীম বিন সাঈদী প্রয়াত আলেম দেলোয়ার হোসেন সাঈদীর মেজো ছেলে ও পিরোজপুর-২ (নেছারাবাদ, কাউখালী, ভান্ডারিয়া) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী দল থেকে মনোনয়ন পেয়েছিলেন। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন। তিনি এ আসন থেকে ৮২৮৮ ভোটে পরাজিত হয়েছিলেন।

ইত্তেফাক/কেএইচ