ঠাকুরগাঁও-৩ আসনে জামানত বাজেয়াপ্ত হয়েছে সাবেক এমপিসহ ৮ প্রার্থীর

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনে ৫ বারের সংসদ সদস্য হাফিজউদ্দীন আহম্মেদ–এর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তিনি জাতীয় পার্টি–এর প্রেসিডিয়াম সদস্য।

গণ-প্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, কোনো প্রার্থীর জামানত ফেরত পেতে হলে সংশ্লিষ্ট আসনে প্রদত্ত মোট ভোটের কমপক্ষে ৮ ভাগের ১ ভাগ ভোট পেতে হয়।

এ আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ৬৪ হাজার ১২৯ জন। ভোট পড়েছে ২ লাখ ৬২ হাজার ৬৬৮টি। সে হিসেবে জামানত ফিরে পেতে একজন প্রার্থীকে পেতে হতো কমপক্ষে ৩২ হাজার ৮৩৩ ভোট। কিন্তু হাফিজউদ্দীন আহম্মেদ পেয়েছেন ২৭ হাজার ১৩৩ ভোট। ফলে প্রয়োজনীয় ভোটের সংখ্যা অর্জন করতে না পারায় তার জামানত বাজেয়াপ্ত হয়েছে।

উল্লেখ্য, হাফিজউদ্দীন আহম্মেদ ১৯৮৮, ২০০১, ২০০৮, ২০২৩ (উপ-নির্বাচন) ও ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এবারের নির্বাচনে ১ লাখ ৩২ হাজার ৭৯৭ ভোট (পোস্টাল ভোটসহ) পেয়ে বিজয়ী হয়েছেন জাহিদুর রহমান, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান মাস্টার, বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর প্রার্থী, পেয়েছেন ৯১ হাজার ৯৩৪ ভোট।

এ আসনে আরও ৭ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন—

  • মামুনুর রশিদ মামুন, গণঅধিকার পরিষদ — ৫৫১ ভোট

  • আল আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ — ১,২৮৩ ভোট

  • আবুল কালাম আজাদ, বাংলাদেশ সুপ্রিম পার্টি — ৫০৩ ভোট

  • প্রভাত সমির শাহাজাহান আলম, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি — ১,৫৩৭ ভোট

  • কমলা কান্ত রায়, বাংলাদেশ মাইনরিটি পার্টি — ৬৬৬ ভোট

  • এস এম খলিলুর রহমান, বাংলাদেশ মুসলিম লীগ — ১১৩ ভোট

  • আশা মনি (স্বতন্ত্র) — ২৭৬ ভোট

ইত্তেফাক/এএম