নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পানির রিজার্ভ ট্যাংক থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে পচন ধরায় তার পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি সাহেবপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর একটি দল ঘটনাস্থলে যায়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, উদ্ধারকৃত মরদেহটি এক নারীর। তার পরনে কালো বোরকা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৪-৫ দিন আগে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ গুমের উদ্দেশ্যে পানির রিজার্ভ ট্যাংকে ফেলে রাখে। দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহে পচন ধরে।
পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফা কামাল রাশেদ বলেন, মরদেহটির পরিচয় শনাক্তের জন্য তাদের একটি দল কাজ করছে। তবে পচন ধরায় ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা সম্ভব হয়নি।
মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
