শরীয়তপুরে আমগাছে ঝুলন্ত অবস্থায় শ্রমিকদল নেতার মরদেহ

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৫

শরীয়তপুর জেলার গোসাইরহাটে আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় জয়নুদ্দিন ঢালী (৫০) নামে এক শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার খাটরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জয়নুদ্দিন ঢালী খাটরা গ্রামের মৃত মোসলেম ঢালীর ছেলে। তিনি গোসাইরহাট ইউনিয়ন শ্রমিক দলের সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে খাবার শেষে বাড়ি থেকে হাঁটতে বের হন জয়নুদ্দিন। এরপর তিনি আর ফেরেননি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে বিষয়টি থানায় জানান।

সোমবার বিকেলে স্থানীয়রা বাড়ির পাশের একটি বিলের মধ্যে আমগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতের ভাতিজা মো. ইব্রাহিম জানান, রাতে বাড়ি থেকে বের হওয়ার পর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সকালে স্থানীয় মুরুব্বিদের নিয়ে খোঁজ শুরু করেন তারা। বিকেলে বিলের পাশে আমগাছে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি জানান।

গোসাইরহাট ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জসিম সিকদার বলেন, জয়নুদ্দিন ঢালী দলের সক্রিয় সদস্য ছিলেন। ঘটনার নিরপেক্ষ তদন্ত চান তিনি।

গোসাইরহাট থানার উপপরিদর্শক (এসআই) সজিবুল বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইত্তেফাক/এএইচপি