রমজানে পণ্য মজুতদারদের ‘সোজা করা হবে’: ইশরাকের হুঁশিয়ারি

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২১

রমজান মাসকে সামনে রেখে খাদ্যদ্রব্য, ভোজ্যতেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এক ফেসবুক পোস্টে এই হুঁশিয়ারি দেন তিনি।

নিজের ফেসবুক পোস্টে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘রমজান মাসে খাদ্যদ্রব্য, ভোজ্যতেল ও ভোগ্যপণ্যের সবচেয়ে বড় আমদানিকারক সিন্ডিকেট বসুন্ধরা, ফ্রেশ, সিটি, টিকে, নাবিল, এসিআই ইত্যাদি- মজুতদার ও পাইকারদের উদ্দেশ্যে কঠিন হুঁশিয়ারি দিচ্ছি। আমার নির্বাচিত সংসদীয় আসন থেকে সোজা করা শুরু হবে। এরপর যতদূর যেতে পারি।’

যুদ্ধ ঘোষণা করে ইশরাক হোসেন বলেন, ‘কোনও বড় নেতা, মন্ত্রী, সরকারি কর্মকর্তা দিয়ে ক্ষমতা ব্যবহার করার সুযোগ নেই। সকল মাফিয়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সাধারণ নিম্নআয়ের মানুষ ঠিক মতো খেতে না পারলে, এই মাফিয়াদের বাড়িতেও রান্না হবে না। কথা দিলাম ইনশাআল্লাহ।’ 

ইত্তেফাক/এমএস