শহীদ দিবসে কেউ যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে: ডিএমপি কমিশনার

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৭

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি হেডকোয়ার্টার্সে আয়োজিত এক সমন্বয় সভায় তিনি গোয়েন্দা সংস্থাগুলোকে নজরদারি বাড়ানোর এই নির্দেশনা দেন।

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান শান্তিপূর্ণ করতে ডিএমপি এই নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভার আয়োজন করে। সভায় সভাপতিত্বকালে ডিএমপি কমিশনার বলেন, ‘শহীদ দিবসে কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।’

সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার গোয়েন্দা বিভাগকে আগাম তথ্য সরবরাহ ও ট্রাফিক ব্যবস্থাপনা যথাযথভাবে নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মো. নজরুল ইসলাম বলেন, প্রতিটি সংস্থা নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে দিবসটি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

সমন্বয় সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সংস্কৃতি মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ওয়াসা ও ফায়ার সার্ভিসসহ সরকারের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীরা শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে নিজ নিজ প্রতিষ্ঠানের কর্মপরিকল্পনা ও মতামত তুলে ধরেন।

ইত্তেফাক/এনএন