ভারত আর ফ্রান্স তাদের সম্পর্ককে ‘বিশেষ বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বে' উন্নীত করেছে। মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে মুম্বাইয়ে এক দীর্ঘ বৈঠকে অন্যান্য বিষয়ের সঙ্গেই দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা আরো জোরালো করার বার্তা দেওয়া হয়েছে ।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ম্যাক্রোঁর সফর চলাকালীন দুই দেশের মধ্যে ‘হ্যামার' ক্ষেপণাস্ত্র নির্মাণসহ সামরিক ও বেসামরিক ক্ষেত্রে ২০টিরও বেশি চুক্তি চূড়ান্ত হয়েছে। পৃথকভাবে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনা নিয়েও চুক্তি হয়েছে। তিন দিনের সরকারি সফরে সোমবার রাতে মুম্বাইয়ে সস্ত্রীক এসে পৌঁছান ইমানুয়েল ম্যাষ্ট্র।
যৌথ বিবৃতিতে যা বললেন দুই শীর্ষ নেতা
মুম্বাইয়ের রাজ্যপাল আবাস ‘লোকভবনে' দীর্ঘ বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রেসিডেন্ট এক যৌথ সংবাদ সম্মেলন করেন। সেখানে মোদি বলেন, ফ্রান্স ভারতের প্রাচীনতম কৌশলগত অংশীদারদের অন্যতম। ম্যাক্রোঁর শাসনামলে এই সম্পর্ক আরো গভীর হয়েছে। মোদি বলেন, এই ভরসা আর দূরদৃষ্টির ওপর ভিত্তি করে আমাদের সম্পর্ককে এখন বিশেষ বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করছি। এই সহযোগিতা শুধুমাত্র কৌশলগত নয় । গতিশীল বিশ্বের বর্তমান যুগে এই অংশীদারিত্ব বৈশ্বিক স্থায়িত্ব ও অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাবে। তিনি আরো বলেন, ২০২৬ সাল ভারত আর ইউরোপের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে একটি মোড় ঘোরানোর বছর। কিছুদিন আগেই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের এক ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি হয়েছে।
এইচ-১২৫ হেলিকপটার কারখানা
মুম্বাইয়ের ঐ সংবাদ সম্মেলনেই নরেন্দ্র মোদি ঘোষণা করেন যে, ফ্রান্সের সঙ্গে যৌথ উদ্যোগে এমন এক হেলিকপটার তৈরি হবে ভারতে, যা বিশ্বের একমাত্র হেলিকপটার হবে । যেটি মাউন্ট অ্যাভারেস্টের শিখরের উচ্চতাতেও উড়তে পারবে। এইচ-১২৫ নামের হেলিকপটার কারখানার উদ্বোধন করেছেন শীর্ষ দুই নেতা। এয়ারবাস এবং টাটা গোষ্ঠী যৌথ উদ্যোগে কর্ণাটকের ভিমাগালে এই কারখানা গড়ে তুলেছে।
'হ্যামার' ক্ষেপণাস্ত্র নির্মাণের চুক্তি
নরেন্দ্র মোদি ও ইমানুয়েল ম্যাক্রোঁর বৈঠক ছাড়া দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের মধ্যে মঙ্গলবার সামরিক সহযোগিতাসংক্রান্ত বৈঠক হয়েছে বেঙ্গালুরুতে। দুই দেশের মধ্যে বিদ্যমান সামরিক সহযোগিতাসংক্রান্ত চুক্তির মেয়াদ আরো ১০ বছর বাড়ানো হয়েছে ঐ বৈঠকে। তবে এই বৈঠকটির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে যৌথ উদ্যোগে ‘হ্যামার' ক্ষেপণাস্ত্র ভারতেই নির্মাণ করার বিষয়টি । আকাশ থেকে ভূমিতে নিক্ষেপের এই ‘হ্যামার ক্ষেপণাস্ত্র প্রায় ৭০ কিলোমিটার দূরের অতি গুরুত্বপূর্ণ কোনো লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে হামলা চালাতে সক্ষম ।
রাফাল যুদ্ধবিমান
ফরাসি প্রেসিডেন্টের সফরের ঠিক আগেই গত সপ্তাহে ভারত ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার সিদ্ধান্তে সবুজ সংকেত দিয়েছে । ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বাধীন 'ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল' ৩৬ লাখ কোটি ভারতীয় রুপি মূল্যের এই ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। সাম্প্রতিককালে এটাই ভারতের সবচেয়ে বড়ো যুদ্ধাস্ত্র ক্রয়। ভারতের বিমান বাহিনীতে যুদ্ধবিমানের স্কোয়াড্রনের ঘাটতি আছে। দীর্ঘ সময় ধরে যে মিগ-২১ এর ওপর বিমান বাহিনী অনেকটাই ভরসা করে এসেছে। কিন্তু গত বছরের সেপ্টেম্বর থেকে সেগুলোকে বসিয়ে দেওয়া হয়েছে । অদূর ভবিষ্যতে জাগুয়ার এবং মিরাজ ২০০০ বিমানগুলোকেও বসিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
