বকেয়া বেতন পরিশোধসহ কারখানা খোলার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪৫

সাভারে তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানার কয়েকশ’ শ্রমিক। এসময় প্রায় আধঘণ্টা সড়কটিতে যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকায় সড়ক অবরোধ করেন ‘এইচ আর টেক্সটাইল মিলস অ্যান্ড ডাইং’ কারখানার শ্রমিকরা।

বিক্ষুব্ধ শ্রমিক ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, সাভারের উলাইল এলাকার এইচ আর টেক্সটাইল মিলস অ্যান্ড ডাইং কারখানাটিতে কর্মরত শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন পরিশোধ না করে গত ১৮ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে মালিকপক্ষ। বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কাজের উদ্দেশ্যে কারখানার সামনে গেলে তাদের প্রবেশে বাঁধা দেওয়া হয়। পরে শ্রমিকরা কারখানার মূল ফটকের বন্ধের নোটিশ দেখতে পেয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

খবর পেয়ে থানা ও শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক ছেড়ে দেয়। এরপর ধীরে ধীরে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। ি

সাভার হাইওয়ে থানার ওসি শেখ শাহজাহান বলেন, মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে শ্রমিকদের পাওনা পরিশোধের  আশ্বাস  দেওয়ায় অবরোধকারীরা মহাসড়ক থেকে সরে গেছেন। বর্তমানে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ইত্তেফাক/এপি