শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধে নীতিমালা-২০১২ বাস্তবায়নে রাজশাহীতে ১০ সদস্যের উপ-কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে প্রাইভেট কোচিং সেন্টার পরিচালনা সংক্রান্ত এই উপ-কমিটির অনুমোদন দেওয়া হয়।
এতে পদাধিকার বলে জেলা শিক্ষা অফিসার মো. জায়েদুর রহমানকে সভাপতি এবং কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুনকে সদস্যসচিব করা হয়েছে।
পদাধিকার বলে এ কমিটির সদস্যরা হলেন- রাজশাহী শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ ও রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং রাজশাহী কলেজিয়েট স্কুল, সরকারি ল্যাবরেটরি হাইস্কুল, সরকারি প্রমথনাথ বালিকা বিদ্যালয়, সরকারি বালিকা বিদ্যালয়, হেলেনাবাদ; সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয় ও হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা।
ওই প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য শিক্ষা ব্যবস্থায় বৈষম্য সৃষ্টি করছে এবং শ্রেণিকক্ষভিত্তিক পাঠদানের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এ অবস্থায় নীতিমালা-২০১২ কার্যকরভাবে বাস্তবায়ন, কোচিং সেন্টার মনিটরিং এবং অনিয়ম প্রতিরোধে এই কমিটি কাজ করবে।
