দেশের বিভিন্ন স্থানে সিটি কর্পোরেশন, পৌরসভা বা শ্রমিক সংগঠনের নামে স্লিপ দিয়ে টাকা তোলাকে ‘স্পষ্ট চাঁদাবাজি’ হিসেবে অভিহিত করে তা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি জানান। তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকার এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করবে।
ডাকসুর সাবেক এই জিএস প্রার্থী তার পোস্টে উল্লেখ করেন, যুগের পর যুগ ধরে চলে আসা এই অপসংস্কৃতি বিশ্বের উন্নত কোনো দেশে দেখা যায় না। তিনি বলেন, ‘সারা বাংলাদেশে স্লিপ দিয়ে সড়কে টাকা উঠানো অবিলম্বে বন্ধ করতে হবে। সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা মহাসড়কের নির্ধারিত টোল দেওয়া ভিন্ন বিষয়, কিন্তু যাতায়াত পথে যেখানে সেখানে টাকা তোলা স্পষ্ট চাঁদাবাজি ছাড়া আর কিছু নয়।’
হামিম তার পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপের প্রশংসা করে লেখেন, ইতোমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে যে ঈদের আগেই ‘ফ্যামিলি কার্ড’ চালু হবে। এছাড়া রাষ্ট্রীয় প্রটোকল কমিয়ে প্রধানমন্ত্রী এখন মাত্র চারটি গাড়ি নিয়ে চলাচল করছেন এবং ভিআইপি মুভমেন্টের সময় রাস্তার দুপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দাঁড়িয়ে থাকার প্রথা বন্ধ করেছেন।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই জনবান্ধব পদক্ষেপগুলোই প্রমাণ করে যে দেশে ইতিবাচক পরিবর্তন আসছে। ‘সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ’—এই স্লোগানকে ধারণ করে একটি দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজমুক্ত রাষ্ট্র গঠনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

