দিনাজপুরে ট্রাকচাপায় দুই যুবক নিহত

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫৩

দিনাজপুরের বিরামপুর উপজেলা শহরে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বিরামপুর শহরের টিঅ্যান্ডটি মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার শালিকাদহ গ্রামের তাইজুল ইসলামের ছেলে ইজারুল ইসলাম বাপ্পী (২৬) ও একই গ্রামের মিজানুর রহমানের ছেলে সজিব হাসান (২৪)।

নিহতদের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রাব্বীর শ্বশুরবাড়ি ফুলবাড়ী উপজেলায়। সেখান থেকে মোটরসাইকেলে সজীবকে নিয়ে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন তিনি। মোটরসাইকেলটি টিঅ্যান্ডটি মোড়ে পৌঁছালে একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। তাদের চাপা দেওয়া ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। স্থানীয়দের কাছ থেকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। 

বিরামপুর থানার ওসি সাইফুল ইসলাম সরকার বলেন, নিহত দু’জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় সড়ক আইনে থানায় মামলা হয়েছে। ঘাতক অজ্ঞাত ট্রাকটি পালিয়ে গেছে। এই ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইত্তেফাক/এপি