আসামির স্বজনদের হামলায় ৬ পুলিশ সদস্য আহত, নারায়ণগঞ্জে গ্রেপ্তার ৮ 

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের ওপর হামলার ঘটনায় নতুন করে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সাতগ্রামের রসুলপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ নিয়ে মোট আটজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। 

এর আগে ঘটনার দিন পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

নতুন করে গ্রেপ্তাররা হলেন- রসুলপুর এলাকার শরিফুল ইসলামের ছেলে মো. আলাউদ্দিন, সালাম মিয়ার ছেলে মো. আফসার এবং জামান মিয়ার ছেলে হৃদয়।

আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন মিয়া বলেন, ‘সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে এ পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দু দফায় তাদের গ্রেপ্তার করা হয়। জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান চলছে।’

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে আসমা বেগম নামে ওয়ারেন্টভুক্ত এক নারী আসামিকে গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। অভিযানের একপর্যায়ে আসামির পরিবারের সদস্য ও স্থানীয়রা পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশের অন্তত ৬ সদস্য আহত হন। 

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সরকার বলেন, ‘ওয়ারেন্টভুক্ত আসামি আসমাকে আটকের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে তার আত্মীয়স্বজন ও আশপাশের লোকজন এসে পুলিশকে ঘেরাও করে রাখে। প্রায় এক ঘণ্টা পুলিশ অবরুদ্ধ অবস্থায় ছিল। পরে অতিরিক্ত পুলিশ এসে তাদের উদ্ধার করে।

তিনি আরও জানান, ঘটনার একপর্যায়ে আসামি আসমাকে তার স্বজনরা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। তবে পরিবারের দাবি, অসুস্থ হওয়ায় তাকে মাধবদীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইত্তেফাক/এপি