মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ন্ত্রণে আনায় সর্বাধিক চেষ্টা থাকবে: গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২১

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, মন্ত্রণালয়ে যেন কোনো অপব্যয় না হয় তা সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। আমার সর্বাধিক চেষ্টা থাকবে যেন এই মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ন্ত্রণে আনা যায়। মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর শুক্রবার বিকালে তার নিজ নির্বাচনি এলাকা কুমিল্লা-৮ (বরুড়া) উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিগত সরকার প্রধান ও কর্মকর্তারা এই মন্ত্রণালয়ের মাধ্যমে প্লট বরাদ্দে প্রশ্নবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের অনেক কাজ কমিয়ে দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী, এজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি যেদিনই লিডার অফ দ্য হাউজ নির্বাচিত হয়েছেন সেদিনই ঘোষণা করেছেন আমরা কোনো সরকারি প্লট বা শুল্কমুক্ত গাড়ি নিব না। এটা আমার জন্য সুবিধা হয়েছে—অন্তত এ কাজের তদবির থেকে আমি মুক্ত থাকব। নির্মাণকাজ বন্ধ ও স্থবির হয়ে থাকা গৃহায়ন ও গণপূর্ত বিভাগের মেগা প্রজেক্টগুলো পুনরায় শুরু হবে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা মাত্র দুই দিন হয়েছে সরকারে বসেছি। মূল্যায়ন হবে কোন কোন প্রজেক্টগুলো বেশি দরকারি এবং কোনগুলো দরকারি নয়। আমরা চেষ্টা করব যেন কোনো অপব্যয় না হয়। বরুড়া উপজেলা বিএনপি কার্যালয়ে বরুড়া উপজেলা, পৌরসভা এবং ইউনিয়নের বিএনপি নেতাকর্মীরা নতুন মন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৪৮ সালের ২৪ মার্চ প্রতিষ্ঠিত হয় বরুড়া থানা। প্রায় ৭৮ বছর পর জাকারিয়া তাহের সুমন প্রথম কোনো মন্ত্রী হলেন এ আসন থেকে। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশের অন্যতম এই শিল্পপতির মন্ত্রী হওয়ায় বরুড়া উপজেলা জুড়ে আনন্দের উত্সব চলছে। এবারের সংসদ নির্বাচনেও বিপুল ভোটে জামায়াত প্রার্থীকে হারিয়ে তিনি জয়ী হন।

ইত্তেফাক/এএম