ভ্রমণক্লান্তি দূরে ঠেলে সিডনিতে অনুশীলনে ঋতুপর্ণারা

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১৩

আগামী ১-২১ মার্চ অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এএফসি নারী এশিয়ান কাপ ফুটবল। এই টুর্নামেন্টে অংশ নিতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত সাড়ে বারোটায় ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে পৌঁছান ঋতুপর্ণারা।

তবে খুব বেশি বিশ্রাম নেওয়ার সময় পাননি নারী ফুটবলাররা। ভ্রমণক্লান্তি দূরে ঠেলে অনুশীলনে নেমে পড়েছে আফঈদা-ঋতুপর্ণারা। শনিবার (২১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল আটটায় অনুশীলন শুরু করান কোচ পিটার বাটলার।

প্রায় দুই ঘণ্টার মতো অনুশীলন করে বাংলাদেশ দল। এরপর জিম করে সময় কাটিয়েছেন ফুটবলাররা। ভ্রমণক্লান্তি থাকলেও অনুশীলন ভালো হয়েছে বলে জানিয়েছেন গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল। 

বাফুফের ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ভ্রমণজনিত ক্লান্তি খেলোয়াড়দের মধ্যে থাকলেও তেমন কোনো ইনজুরি শঙ্কা নেই। সবাই ফিট রয়েছে। আমরা চেষ্টা করছি আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে। আমাদের ট্রেনিং ভালোই হয়েছে।’

May be an image of American football, football, grass and text that says "Infinix ENIN"

এএফসি ২৭ ফেব্রুয়ারি থেকে অংশগ্রহণকারী দলগুলোকে টিম হোটেলে উঠাবে। এর আগে ছয় দিন বাংলাদেশ নিজস্ব ব্যবস্থাপনায় সিডনির ভ্যালেন্টাইন পার্কে থাকবে বাংলাদেশ। 

প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলতে যাওয়া বাংলাদেশের সামনে বেশ কঠিন পরীক্ষা। আগামী ৩ মার্চ সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে টুর্নামেন্টের ৯ বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের এশিয়ান কাপ মিশন শুরু করবে বাংলাদেশ। 

এরপর ৬ মার্চ দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া। আর ৯ মার্চ পার্থে গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের মোকাবিলা করবে লাল-সবুজের প্রতিনিধিরা।

ইত্তেফাক/জেডএইচ