প্রেমিকার যৌনাঙ্গ পুড়িয়ে দেওয়ার অভিযোগ যুবকের বিরুদ্ধে 

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৬

ভারতের হরিয়ানার গুরুগ্রামে প্রেমিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন দেশটির ত্রিপুরার এক তরুণী। অভিযোগ, বিয়ে নিয়ে আলোচনার সময় কথা কাটাকাটি হয় তাদের। তখনই তরুণীকে হেনস্থা করেন অভিযুক্ত।  

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ভুক্তভোগী তরুণী ত্রিপুরার বাসিন্দা হলেও পড়াশোনার সূত্রে গুরুগ্রামে থাকেন। সেখানেই সামাজিক যোগাযোগমাধ্যমে শিবম নামে যুবকের সঙ্গে পরিচয় হয় তরুণীর। একসময় প্রেমের সম্পর্ক গড়ে উঠে দু’জনের মধ্যে। তারা বিয়ের বিষয়েও পরিকল্পনা করছিলেন। এরপর শিবমের সঙ্গে এক বাড়িতেই থাকতেন তরুণী।  

অভিযোগ, টানা তিন দিন তরুণীর ওপর অত্যাচার করেছেন অভিযুক্ত শিবম। তার যৌনাঙ্গে স্যানিটাইজ়ার ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। মাথা ঠুকে দেওয়া হয় দেওয়ালে। এমনকি, মাথায় কাচের বোতলও ভেঙেছেন অভিযুক্ত। 

তরুণীর অভিযোগ, ছুরি নিয়ে তার দিকে তে়ড়ে এসেছিলেন শিবম। তাকে হত্যার চেষ্টা করেছিলেন। বর্তমানে গুরুতর জখম অবস্থায় গুরুগ্রামের হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী তরুণী। 

খবরে বলা হয়েছে, ভুক্তভোগী প্রেমিকার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিবম গ্রেপ্তার করেছে পুলিশ। দু’জনেরই বয়স ১৯ বছর। শিবমের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। 

জানা গেছে, শিবম দিল্লির বাসিন্দা। তিনিও পড়াশোনার সূত্রেই গুরুগ্রামে থাকতেন। অনলাইন ডেটিংঅ্যাপের মাধ্যমে তাদের আলাপ হয় ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে। কয়েক মাস পর থেকেই তারা একসঙ্গে থাকতে শুরু করেন। দুই পরিবারের মধ্যেও বিয়ে নিয়ে আলোচনা চলছিল। কিন্তু যুবক বিয়েতে আগ্রহী ছিলেন না। সেই কারণেই ঝগড়ার সূত্রপাত। 

মেডিকেল পরীক্ষায় তরুণীর শরীরে একাধিক গুরুতর আঘাতের প্রমাণ পাওয়া গেছে। গুরুগ্রামের ডিসিপি হিতেশ যাদব জানান, তরুণীকে প্রথমে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে এমস হয়ে দিল্লির সফদরজং হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তরুণীর অবস্থা আশঙ্কাজনক।  

ভুক্তভোগী তরুণীর মা জানান, তার মেয়ে যে অভিযুক্তের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন, সে খবর তারা জানতেন না। তিনি অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন। সেইসঙ্গে কড়া শাস্তির দাবি জানিয়েছেন।  

ইত্তেফাক/এসআর