আওয়ামী লীগ কার্যালয় থেকে ‘পাবলিক টয়লেট’ লেখা সাইনবোর্ড উধাও

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪৫

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলার খবর পেয়ে সেখানে ‘পাবলিক টয়লেট’ লেখা সাইনবোর্ড ঝুলিয়েছিল বিক্ষুব্ধরা। কিন্তু একদিন না যেতেই সেই সাইনবোর্ড উধাও হয়ে গেছে। তবে কে বা কারা সাইনবোর্ডটি সরিয়ে নিয়েছে তা জানা যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

সর্বশেষ রোববার (২২ ফেব্রুয়ারি) ওই কার্যালয় থেকে সাইনবোর্ড উধাওয়ের ঘটনা ঘটে।

জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘জয় বাংলা’ স্লোগানে দলীয় পতাকা উত্তোলন করেন স্থানীয় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। এরপর সেখানে ১৯৫২ সালে ভাষা আন্দোলনে শহীদদের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিষয়টি নেট দুনিয়ায় ভাইরাল হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়ায় বকশীগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদ সভাপতি শাহরিয়ার সুমন আওয়ামী লীগ অফিসকে ‘পাবলিক টয়লেট ঘোষণা’ করে সাইনবোর্ড ঝুলিয়ে দেন।

এরপর সেদিন বিকেলে উপজেলা বগারচর আওয়ামী লীগ অফিসের সামনে বিক্ষোভ মিছিল করেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। বিক্ষোভকারীরা আওয়ামী লীগের সাইনবোর্ড অপসারণ করে আওয়ামী লীগ অফিসকে ‘পাবলিক টয়লেট ঘোষণা’ দিয়ে সাইনবোর্ড ঝুলিয়ে দেন। কিন্তু রোববার সকাল থেকে বগারচর ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে সেই সাইনবোর্ডটির হদিস পাওয়া যায়নি। 

বকশীগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি শাহরিয়ার সুমন জানান, সারা বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। সাইনবোর্ড কেউ অপসারণ করে থাকলে আবারও লাগিয়ে দেওয়া হবে। বকশীগঞ্জ উপজেলার কোনো স্থানে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না।

বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান, বিষয়টি জানতে পেরেছি। সেখানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে পুলিশ নজরদারি অব্যাহত আছে। 

ইত্তেফাক/এপি