প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সকাল ১১টায় সাক্ষাৎকালে চীন সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।
হুমায়ুন কবীর জানান, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে আনুষ্ঠানিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়েছে সে দেশের সরকার। এ সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পক্ষে শুভেচ্ছা বিনিময় করা হয়। তবে সফরের সময়সূচি এখনো চূড়ান্ত হয় নি।
বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক ঐতিহাসিক জানিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বলেন, সূচনা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে। বর্তমানে বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার চীন। কীভাবে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক আরও উন্নয়ন করা যায় এ বিষয়ে আলোচনা হয়েছে। বিগত সরকারের আমলে বেশ কিছু কাজ হয়েছে। দুদেশের মধ্যেকার সম্পর্ক আর জোরদারে কথাবার্তা হয়েছে বৈঠকে।

