মোহামেডানের শক্তি বাড়লো মোজাফফরভ ফেরায়

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০৭

লিগের গতবারের চ্যাম্পিয়ন মোহামেডান এবার পয়েন্ট টেবিলে ধুকছে। এরই মধ্যে দলের গুরুত্বপূর্ণ ফুটবলার মোজাফফরভ নিজ দেশ উজবেকিস্তানে ফিরে গিয়েছিলেন। তার অনুপস্থিতি মোহামেডান সমর্থকদেরকে দুশ্চিন্তায় রেখেছিল। বাবার অসুস্থতার কারণে হঠাৎ করে দেশে ফিরে যেতে হয়েছিল। 

মোজাফফরভ ঢাকায় ফিরেছেন। অনুশীলনেও যোগ দিয়েছেন তিনি। স্বস্তি পাচ্ছেন মোহামেডান সমর্থকরা। কারণ মাঝ মাঠে মোজাফফরভ পরীক্ষিত ফুটবলার। প্রায় ৫ বছর হতে চল মোহামেডানের জার্সি গায়ে খেলছেন তিনি। দলের জন্য ভালো ভূমিকা রেখে আসছিলেন। তার সময়ে মোহামেডান যেকয়টি সাফল্য পেয়েছে সবখানে মোজাফফরভ সমর্থকদের মাঠে আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

মোজাফফরভের ফুটবল কোচ, তিনি অসুস্থ ছিলেন। উজেবিকস্তানের বাবাকে দেখার মতো কেউ ছিল না। খবর পেয়ে দ্রুত ছুটে গিয়েছিলেন। এখন তার বাবা সুস্থ। বাবাকে বাসায় রেখে মোহামেডানের টানে আবার খেলতে এসেছেন। 

অনিশ্চয়তা কাটিয়ে প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় পর্বের ফিকশ্চার ঘোষণা করা হয়েছে, আগামী ৬ মার্চ শুরু হবে। একদিনে ৪টি ম্যাচ হবে। কুমিল্লায় বেলা পৌনে তিনটায় আবাহনী তাদের প্রথম ম্যাচ রহমতগঞ্জের বিপক্ষে। পরদিন একই মাঠে একই সময়ে মোহামেডান খেলবে ফর্টিসের বিপক্ষে। 

পয়েন্ট টেবিলে মোহামেডান ১০ দলের মধ্যে ছয় নম্বরে রয়েছে। ৯ খেলায় মাত্র দুই ম্যাচ জিতেছে, পয়েন্ট ১০। ১৮ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস ও ফর্টিস এফসি। ১৩ পয়েন্ট নিয়ে আবাহনী পঞ্চম স্থানে।

ইত্তেফাক/জেডএইচ