ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতার জামিন

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৮

হবিগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোবাইল ফোনে হুমকি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ বক্তব্য ছড়িয়ে পড়ার ঘটনার মামলায় বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারের অস্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তাকে আদালতে হাজির করা হলে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের মধ্যে যুক্তিতর্ক উপস্থাপন শেষে বাহুবল আমলি আদালতের ৯ নম্বর ম্যাজিস্ট্রেট তানজিনা রহমান তানিন জামিন মঞ্জুর করেন। পুলিশ রিপোর্ট না আসা তুষারকে অস্থায়ী জামিন প্রদান করা হয়েছে।

এর আগে শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে বাহুবল থানার ওসিকে উদ্দেশ্য করে একটি অডিও ক্লিপ ভাইরাল হলে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। ওই ঘটনায় ওসি সাইফুল ইসলাম বাদী হয়ে দণ্ডবিধির ১৭৯, ৫০৪ ও ৫০৬ ধারায় একটি মামলা দায়ের করেন।

পরে রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার নিজ বাসা থেকে তুষারকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে।

ইত্তেফাক/এসজেএস