কুমিল্লার দাউদকান্দি উপজেলাতে চলন্ত ট্রাকের পেছনে দ্রুতগতির একটি মাইক্রোবাসের ধাক্কায় দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ছয়টার দিকে উপজেলার মালিখিল এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক-এ এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাইক্রোবাসের মালিক ও চালক মো. শাহীন (৪০) এবং সামনের আসনে বসা নবম শ্রেণির শিক্ষার্থী ইব্রাহিম খলিল (১৪)। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। শাহিনের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চারিপাড়া গ্রামে। ইব্রাহিম খলিল একই উপজেলার ছান্দ্রা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
আহত চারজন হলেন জয়নাল আবেদীন (৫৫), মেহেদী হাসান (২৫), সানজিদা আক্তার (১৮) ও ফারজানা আক্তার (১০)। তাদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসা দেওয়া হয়েছে। আহত ব্যক্তিরা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক মো. জাকির হোসেন জানান, ব্রাহ্মণপাড়া উপজেলার ছান্দ্রা গ্রামের মেহেদী হাসান ভোরে সৌদি আরবে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন। তারা মো. শাহীনের মাইক্রোবাসে করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর উদ্দেশে যাচ্ছিলেন। পথেই দুর্ঘটনাটি ঘটে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল বাহার মজুমদারের অনুমতিক্রমে স্বজনেরা নিহত ব্যক্তিদের মরদেহ নিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। ট্রাকটি পালিয়ে গেছে।
ফায়ার সার্ভিসের দাউদকান্দি ইউনিটের কর্মকর্তা এরশাদ হোসাইন জানান, খবর পেয়ে সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন।

