দুই বাসের ‘রেষারেষিতে’ প্রাণ গেল ইজিবাইক চালকের, আহত ৫

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪৭

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে বাসের চাপায় সোহাগ মিয়া (২২) নামে ব্যাটারিচালিত ইজিবাইকের এক চালক নিহত হয়েছেন। এতে দুর্ঘটনাকবলিত ইজিবাইকের আরও পাঁচ যাত্রী আহতের খবর পাওয়া গেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে মহাসড়কের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ডাংরি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সোহাগ মিয়া ময়মনসিংহের নান্দাইল উপজেলার ধুরুয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। এতে আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিহত সোহাগের চাচাত ভাই মাজহারুল ইসলাম জানান, সোহাগ মিয়া নান্দাইল বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে নান্দাইল চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। ডাংরি এলাকায় পৌঁছানোর পর কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহগামী দুটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসছিল। ইজিবাইকের কাছাকাছি আসার পর পেছনের বাসটি সামনের বাসটিকে অতিক্রম করার জন্য এগিয়ে আসে। ওভারটেক করতে গিয়ে একটি বাস সোহাগ মিয়ার ইজিবাইককে ধাক্কায় দেয়। এতে সে ইজিবাইক থেকে ছিটকে বাসের নিচে পড়লে; বাসটি তাকে চাপা দেয়। আহত সোহাগকে দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়লে তাকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন।

নিহত চালকের স্বজনরা জানান, সোহাগ মিয়া তার ছয় সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। গত ২৫ ডিসেম্বর কিস্তিতে তিনি ইজিবাইকটি কিনে সড়কে নামিয়েছিলেন।

হাইওয়ে পুলিশের ওসি খোরশেদ আলম, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইত্তেফাক/এপি