অনিয়মের অভিযোগে ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩২

সড়ক নির্মাণ ও সংস্কার কাজে বিভিন্ন অনিয়মের অভিযোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-০৫-এর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা উত্তর সিটির সচিব মুহাম্মদ আসাদুজ্জামানের স্বাক্ষরে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।

অফিস আদেশে বলা হয়, ডিএনসিসির অঞ্চল-০৫-এর আওতাধীন মোহাম্মদপুর এলাকায় চলমান রাস্তা নির্মাণ ও সংস্কার কাজ পরিদর্শনকালে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়েছে। এর প্রেক্ষিতে ‘ডিএনসিসি কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯’-এর বিধি ৪৯-এর (ক), (খ) ও (ঘ) উপবিধি অনুযায়ী দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ ও অদক্ষতার অভিযোগে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হলো।

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মোহাম্মদপুর এলাকায় বিভিন্ন সড়ক নির্মাণ ও সংস্কার কাজ সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি রাস্তার বিভিন্ন স্থানে ফাটল, নিচের দিকে ধসে পড়া এবং অন্যান্য কারিগরি ত্রুটি দেখতে পান। কাজের এমন নিম্নমানের কারণে প্রতিমন্ত্রী নিজে এবং স্থানীয় জনগণ গভীর অসন্তোষ প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় আজ সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীকে বরখাস্তের আদেশ দিল ডিএনসিসি।

 

ইত্তেফাক/কেএইচ