আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের সাম্প্রতিক পাল্টাপাল্টি অভিযোগ বিচার কার্যক্রমে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, প্রসিকিউটরদের দুই পক্ষ থেকে যেসব অভিযোগ আসছে, আমি যতদিন দায়িত্বে আছি, ততদিন এসব কখনোই বিচারকে প্রভাবিত করবে না। আমি আপস করতে শিখিনি। আমার মাধ্যমে কোনো নির্দোষ মানুষ বিন্দুমাত্র হয়রানির শিকার হবেন না। আবার কোনো অপরাধীও পার পেয়ে যাবে এমন চিন্তার সুযোগ নেই। এটা একেবারেই স্পষ্ট বার্তা।
বিচার কার্যক্রম থমকে যাওয়ার আশঙ্কা আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে বিচার থেমে যাওয়ার কোনো ব্যাপার নেই। এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। আমরা যারা ট্রাইব্যুনালে কাজ করি, সবাই একই পরিবারের সদস্য। পরিবারের ভেতরে মতভেদ থাকতে পারে কিন্তু সেগুলোর সমাধানও হয়।
উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই প্রসিকিউশনের সদস্যদের ঘুষ লেনদেনের অভিযোগ নিয়ে দ্বন্দ্ব সমালোচনার তুঙ্গে।
