ফেনীর সোনাগাজী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আল সাঈদ এবং অফিস সহায়ক আবু নাছেরকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটকের খবর জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পিআইও অফিস থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে এক হাজার টাকার নোটের নতুন বান্ডিলে এক লাখ টাকা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন দুদকের কর্মকর্তারা।
দুদকের ফেনী-নোয়াখালীর জোনের উপ-পরিচালক ফারুক আহমেদের নেতৃত্বে ৮ সদস্যের একটি টিম এই অভিযান পরিচালনা করে।
দুদক নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মো. ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।গণমাধ্যমকে তিনি জানান, অভিযানের সময় ঘুষের এক লাখ টাকাসহ তাদের আটক করা হয়। মোহাম্মদ আল সাঈদ এর আগেও সোনাগাজীর বিভিন্ন প্রকল্প থেকে আরও পাঁচ লাখ টাকা নিয়েছেন। উপজেলার বিভিন্ন এলাকায় পাঁচটি ব্রিজ নির্মাণে ১২ লাখ টাকা ঘুষ দাবি করেছিলেন।
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগান চাকমা জানান, ঘটনার সময় তিনি তার কার্যালয়ে ছিলেন না। ছুটিতে বাড়ি যাওয়ার জন্য বের হয়েছেন। তিনি বিষয়টি শুনেছেন এবং খবর নিয়ে এ বিষয়ে বিস্তারিত বলতে পারবেন।

গণছুটিতে ফেনী পল্লী বিদ্যুতের ৫৬৯ কর্মী, গ্রাহকের ভোগান্তি