মধ্যরাতে চাঁদাবাজকে হাতেনাতে ধরলেন এমপি পীরজাদা হানজালা

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৩৬

মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর গোলচত্বর এলাকায় মধ্যরাতে এক চাঁদাবাজকে হাতেনাতে আটক করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা হানজালা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতের এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্র জানায়, রাতের আঁধারে পাঁচ্চর গোলচত্বরে যানবাহন থেকে চাঁদা আদায় করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে সংসদ সদস্য পীরজাদা হানজালা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে তিনি অভিযুক্ত ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। অনেকেই দ্রুত ও সাহসী পদক্ষেপ নেওয়ায় সংসদ সদস্যের প্রশংসা করেন।

নেটিজেনদের মন্তব্য, একজন জনপ্রতিনিধি এভাবে মাঠে সক্রিয় থাকলে অপরাধপ্রবণতা কমে আসবে। শিবচরকে নিরাপদ ও আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলতে এমন অভিযান অব্যাহত রাখারও দাবি জানান তারা।

উল্লেখ্য, নির্বাচিত হওয়ার পর থেকেই পীরজাদা হানজালা শিবচর উপজেলাকে চাঁদাবাজি ও মাদকমুক্ত করার ঘোষণা দিয়ে আসছেন। সাম্প্রতিক এই ঘটনাকে তার সেই অঙ্গীকারের বাস্তব প্রতিফলন হিসেবে দেখছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

ইত্তেফাক/এএম