জবাবদিহি ও সীমানা নির্ধারণ করবে গণমাধ্যম, স্বাধীনতা নিশ্চিত করবে রাষ্ট্র: তথ্যমন্ত্রী

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৬

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জবাবদিহি ও সীমানা নির্ধারণ করবে গণমাধ্যম, স্বাধীনতা নিশ্চিত করবে রাষ্ট্র বলে মন্তব্য করেছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে বরিশাল প্রেস ক্লাবের আয়োজনে স্বজন স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্য মন্ত্রী ও সম্প্রচার মন্ত্রী আরো বলেন, সাংবাদিকদের স্বাধীনতার ব্যাপারটা আমরা সবাই বুঝি। আমি যদি একটা সর্বসম্মতিক্রমে গণমাধ্যম কর্তৃক নির্ধারিত জবাবদিহির সীমানা নির্ধারণ করতে পারি ঐ সীমানার মধ্যে স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। অতএব জবাবদিহি ও সীমানা নির্ধারণ করবে গণমাধ্যম, স্বাধীনতা নিশ্চিত করবে রাষ্ট্র। আমি এভাবেই জিনিসটাকে সাজিয়েছি। এর জন্য তিনি সবার সহযোগিতা চান।

তথ্যমন্ত্রী আরো বলেন, সাংবাদিকতার সংজ্ঞা সাংবাদিক প্রতিষ্ঠানকেই নির্ধারণ করতে হবে। সাংবাদিকদের নির্ধারিত সংজ্ঞাকে তথ্য মন্ত্রণালয় একটা কাঠামোর মধ্যে দাঁড় করাবে। এর দায়িত্ব প্রথমত সাংবাদিককে নিতে হবে। কারণ এমন একটা মহান পেশার সংজ্ঞা বাইরে থেকে আমরা কেউ নির্ধারণ করতে পারব না। সুযোগ-সুবিধা রাষ্ট্রীয়ভাবে যতটুকু আছে সেটি দেওয়ার ক্ষেত্রে নীতিমালাটা কী হবে তাও সাংবাদিকদের কাছ থেকেই আমি চাইব। 

এ সময় তথ্যমন্ত্রী বলেন, আমরা পরিবর্তিত সমাজের মধ্যে বাস করছি। এই সমাজে তথ্যে সংজ্ঞা পরিবর্তিত হয়ে গেছে। ৫০ বছর আগের সাথে এখন আর মিল পাওয়া যাবে না। তাই এ বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

বরিশাল প্রেস ক্লাব আয়োজিত স্বজন স্বরণ অনুষ্ঠানে বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আসিনুল ইসলাম খসরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবিব, পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক খাইরুল আলম সুমন, পুলিশ সুপার ফারজানা ইসলাম, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান খান প্রমুখ।

সকালে বরিশাল সার্কিট হাউজে জেলা প্রশাসন ও বিআরটিএ আয়োজিত বরিশাল ও পিরোজপুরের সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। এসময় তিনি বলেন, সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হচ্ছে চালকদের পেশাদারিত্ব ও প্রশিক্ষণের অভাব। অনুষ্ঠানে পিরোজপুরের সাত জন ও বরিশালের ৫৪ জনসহ মোট ৬১ জনকে ২ কোটি ১৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়। 

জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ, পুলিশ সুপার ফারজানা ইসলাম, বরিশাল বিআরটিএ পরিচালক মো. জিয়াউর রহমান, যুগ্ম সচিব রুবাইয়াৎ-ই-আশিক, সড়ক শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মোস্তাফা কামাল ও জেলা বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. মিরাজ শিকদার ডালিম।

ইত্তেফাক/এএম/এএইচপি