আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১৭

ইরানে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি যুক্ত হয়েছে বলে স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৮ ফেব্রুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা প্রায় আট মিনিটের একটি ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান।

ভিডিওটির বরাত দিয়ে বিবিসি জানায়, ট্রাম্প ইরানে মার্কিন সামরিক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। ভিডিওতে তিনি বলেন, “ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু হয়েছে।”

ইরানের প্রশাসনের উদ্দেশে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, “আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত।” একই সঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেন যে ইরান কখনো পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না।

অন্যদিকে সিএনএন জানায়, ট্রাম্প ভিডিওতে উল্লেখ করেছেন যে ইরানের ভেতরে সামরিক অভিযান পরিচালিত হলে মার্কিন নাগরিকদের প্রাণহানির ঝুঁকি থাকতে পারে। তিনি বলেন, “ইরানের শাসকরা মানুষ হত্যার চেষ্টা করবে। সাহসী আমেরিকান বীরদের হতাহতের আশঙ্কা আছে—যুদ্ধে সাধারণত যা হয়। তবে আমরা এখন তা হতে দিচ্ছি না; ভবিষ্যতের কথা বলছি। এটি একটি মহৎ অভিযান।”

মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের হতাহতের ঝুঁকি কমাতে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সিএনএন আরও জানায়, ট্রাম্প বর্তমানে পাম বিচে তার ব্যক্তিগত ক্লাব মার-এ-লাগোয়তে সাপ্তাহিক অবকাশ যাপন করছেন।

ইত্তেফাক/এমএএম