সাতক্ষীরা

ফ্যামিলি কার্ডের নামে নারীদের কাছ থেকে এনআইডি ও ছবি সংগ্রহের অভিযোগ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫১

সাতক্ষীরার কলারোয়ায় ফ্যামিলি কার্ড দেওয়ার নামে অর্ধশতাধিক নারীর কাছ থেকে টাকার বিনিময়ে এনআইডি ও ছবি সংগ্রহের অভিযোগ উঠেছে। অভিযুক্তের বাড়ি থেকে ৫২ জন নারীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি উদ্ধারের কথা জানিয়েছেন স্থানীয়রা।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে কয়েকজন নারীর কাছ থেকে অভিযোগ পেয়ে তাদের উপস্থিতিতে ও স্থানীয় বিএনপি নেতাদের সহায়তায় অভিযুক্ত মিলনের বাড়ি থেকে ৫২টি ছবিসহ এসব পরিচয়পত্র উদ্ধার করা হয় বলে ভাষ্য স্থানীয়দের।

অভিযুক্ত মিলন হোসেন (৪৫) উপজেলার কেরালকাতা উত্তরপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।

ভুক্তভোগী নারীদের অভিযোগ, তাদের কাছ থেকে বিভিন্ন অংকের টাকা নিয়ে ফ্যামিলি কার্ড করে দেবে বলে সম্প্রতি ছবি ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে মিলন। পরে গড়িমসি করলে বিষয়টি জানাজানি হয়।

কেরালকাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জানান, একাধিক মহিলার কাছ থেকে খবর পেয়ে শনিবার সকালে মিলনের বাড়িতে গিয়ে মিলনকে জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে সে ৫২টি ছবিসহ এনআইডি কার্ড বের করে দেয় এবং ফ্যামিলি কার্ড করে দেবে বলে এগুলো নিয়েছে বলে স্বীকার করে।

হেলাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার মুনসুর জানান, আমরা তাকে পুলিশে সোপর্দ করতে চাইলেও স্থানীয় মানুষের অনুরোধে তার পরিবারের জিম্মায় রেখে আসা হয়েছে। এ ঘটনায় বিএনপি নেতা জহুরুল ইসলাম বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত মিলন সদ্যসমাপ্ত নির্বাচনে একটি দলের হয়ে কাজ করেছেন বলে জানতে পেরেছি।

কলারোয়া থানার ওসি এইচ এম শাহিন বলেন, এই ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তপূর্বক এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

ইত্তেফাক/এপি