যাত্রীদের নিরাপত্তা সরকারের প্রধান অগ্রাধিকার, বিমানবন্দরে আটকে পড়াদের উদ্দেশে ধর্মমন্ত্রী

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫৫

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে আন্তর্জাতিক পর্যায়ে একাধিক ফ্লাইট বাতিল হওয়ায় ওমরাহ যাত্রীসহ অনেক ভ্রমণার্থী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছেন। তাদের পরিস্থিতি পরিদর্শনে গিয়ে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়েকোবাদ বলেছেন, যাত্রীদের নিরাপত্তা ও কল্যাণই সরকারের প্রধান অগ্রাধিকার।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিমানবন্দর পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে মন্ত্রী আটকে পড়া যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের উদ্বেগ শোনেন। তিনি জানান, সরকার মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত যাত্রীদের যাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে।

বর্তমান পরিস্থিতিতে আম্মান, কুয়েত, দুবাই, আবুধাবি, দোহা ও বাহরাইনসহ বিভিন্ন গন্তব্যের ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নেওয়া অনেক যাত্রী অনিশ্চয়তার মুখে পড়েছেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো যাত্রীদের প্রয়োজনীয় তথ্য প্রদান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এ সময় মন্ত্রী সকলকে ধৈর্য ধারণের আহ্বান জানান এবং আশ্বাস দেন যে সরকার এ সংকটময় সময়ে যাত্রীদের পাশে রয়েছে।

ইত্তেফাক/এসজেএস