আগে কখনো হয়নি এমন হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

আপডেট : ০১ মার্চ ২০২৬, ১২:২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে লক্ষ্য করে হামলা না চালাতে ইরানকে সতর্ক করেছেন। রোববার (১ মার্চ) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ইরান মাত্রই জানিয়েছে যে তারা আজ প্রচণ্ড আঘাত হানবে, যা তারা আগে কখনো করেনি। তাদের সেটা না করাই ভালো। তারপরেও তারা যদি সেটা করে তাহলে আমরা তাদের এমন এক শক্তি দিয়ে আঘাত করবো যা আগে কখনো দেখা যায়নি!

ইরানের বিপ্লবী গার্ডের যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও ইসরায়েলে হামলার হুমকি দেওয়ার পর ট্রাম্প এই বিবৃতি দিলেন।

ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর কড়া হুঁশিয়ার বার্তা দিয়েছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

বিবৃতিতে আইআরজিসি ইরানের ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণাত্মক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে। 

তারা বলেছে, অধিকৃত অঞ্চল এবং আমেরিকান সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণাত্মক অভিযান আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। 

ইত্তেফাক/এসআর