ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন হাসান (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় হাসান মারা যান। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে।
হাসানের বাড়ি ভোলা জেলায়। সে তার পরিবারের সঙ্গে ঢাকার খিলগাঁওয়ে থাকতো।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. নাছির উদ্দিন জানান, গত শনিবার (৩ আগস্ট) ভর্তি করা হয়। গত রবিবার (৪ আগস্ট) রাতে চিকিৎসাধীন অবস্থায় হাসান মারা যায়। আমাদের হিসাব মতে মোট মৃত্যুর সংখ্যা ১৩ জন। আজ ভর্তির সংখ্যা ১৮৩ জন।
আরো পড়ুন: ডেঙ্গুতে আক্রান্ত আবহাওয়াবিদের অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, দুই দিনের ব্যবধানে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তির সংখ্যা আবার বাড়ছে। গত বৃহস্পতিবার আক্রান্ত ব্যক্তির সংখ্যা ছিল ১ হাজার ৭১২। পরদিন তা কমে ১ হাজার ৬৮৭ হয়। শনিবার কিছুটা কমে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১ হাজার ৬৪৯। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ১ হাজার ৮৭০ জন। সব মিলে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ২৪ হাজার ৮০৪ জন। এর মধ্যে ৭ হাজার ৩৯৮ জন বর্তমানে ভর্তি আছে।
ইত্তেফাক/বিএএফ
