লক্ষ্মীপুরে দেড় বছরের শিশু অপহরণ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ১৪:১৫

লক্ষ্মীপুরে মিনহাজ নামে দেড় বছরের এক শিশুকে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে। সোমবার ভোররাতে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের লাহারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। অপহৃত শিশু মিনহাজ স্থানীয় রাজমিস্ত্রী মো. মামুন হোসেনের ছেলে।

অপহৃত শিশুর স্বজনরা জানায়, স্থানীয় এলাহী বক্সের বাড়ির নিজ ঘরে প্রতিদিনের মতো শিশু মিনহাজকে নিয়ে রাজমিস্ত্রী মামুন ও তার স্ত্রী কহিনুর ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। ভোর রাতে ঘুম ভাঙলে মা-বাবা দেখেন তাদের শিশুটি পাশে নেই। দো-চালা টিনসেড ঘরের দরজাটিও খোলা দেখতে পান তারা। এ সময়  খোঁজাখুজি করেও মিনহাজের কোন সন্ধান পায়নি তারা। মা কহিনুরের ব্যবহৃত মুঠোফোনও পাওয়া যায়নি। পরে ভোর ৫টার দিকে ওই মুঠোফোনে শিশুর বাবা অন্য একজনের মুঠোফোন থেকে কল করেন। এ সময় শিশুটিকে ছেড়ে দিতে ৫ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়।

আরও পড়ুন: শিবচরে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

খবর পেয়ে সকালে লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান মিয়া, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মশু ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় অপহৃত শিশুর বাবা মামুন হোসেন সাংবাদিকদের বলেন, মধ্য রাতে ঘুম থেকে উঠে দেখি আমার ছেলে নেই। কে বা কারা তাকে অপহরণ করে তা জানি না। রাতে তারা আমার স্ত্রীর মুঠোফোনটিও নিয়ে গেছে। পরে ওই মুঠোফোন থেকে ছেলের মুক্তির জন্য ৫ লাখ টাকা দাবি করা হয়। তবে তাদের পরিচয় দেওয়া হয়নি।

পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান জানান, দরজা খুলে ভেতরে প্রবেশের ধরন দেখে মনে হচ্ছে তাদের পরিচিত কেউ এ ঘটনার সঙ্গে জড়িত।শিশুটিকে উদ্ধারের চেষ্টাসহ ঘটনার তদন্ত চলছে।

ইত্তেফাক/এমআরএম