রাজশাহীর পুঠিয়া উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসীর হামলায় সন্দেহভাজন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। উত্তেজিত জনতা তাদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানেও আগুন ধরিয়ে দেয়।
সোমবার (২ মার্চ) ভোররাতে উপজেলার পলাশী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহিন (৪৫) রাজশাহীর দুর্গাপুর উপজেলার মারিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
আহতরা হলেন— আলী হোসেন (৩৫), রুপচান আলী (৩৫), সেলিম হোসেন (৩০), সামিম হোসেন (৩০), শাজাহান আলী (৩০), রফিকুল ইসলাম (৩৫) ও মামুন হোসেন (৩০)। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল–এ ভর্তি করা হয়েছে।
হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। আহতদের মধ্যে একজন ৮ নম্বর ওয়ার্ডে এবং বাকিরা ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান জানান, ভোরে একটি ট্রাকে আটজন ব্যক্তি তালা কাটার সরঞ্জাম ও দেশীয় অস্ত্র নিয়ে গ্রামে প্রবেশ করে। সন্দেহ হলে গ্রামবাসী তাদের আটক করে। পরে উত্তেজিত জনতার মারধরে গুরুতর আহত এক ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আহত সাতজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
