বাংলাদেশের কিছু ভালো খেলোয়াড় আছে— সতর্ক চীনের কোচ

আপডেট : ০২ মার্চ ২০২৬, ১৬:৪১

পর্দা উঠেছে এশিয়ান কাপ নারী ফুটবলের। ইতিহাসে প্রথমবারের মতো এই টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ। মঙ্গলবার (৩ মার্চ) নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় দুপুর ২টায় সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে পরাশক্তি চীনের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

এশিয়ান কাপের বর্তমান চ্যাম্পিয়ন চীন। এছাড়া তাদের নামের পাশে রয়েছে ৯টি শিরোপা। শক্তির বিচারে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে তারা। তবুও বাংলাদেশ দল নিয়ে বেশ সতর্ক অবস্থানে চীন। 

সোমবার (২ মার্চ) অধিনায়ক উ হাইয়ানকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে আসেন চীনের প্রধান কোচ আন্তে মিলিচিক। বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না জানিয়ে চীনের কোচ বলেন, ‘আধুনিক ফুটবলে যেকোনো দল যেকোনো দিনে কঠিন সময় উপহার দিতে পারে। বাংলাদেশ এখানে কোনো চাপ ছাড়াই খেলবে। তাদের কিছু ভালো খেলোয়াড় আছে। আমরা তাদের মোটেও খাটো করে দেখছি না। গত কয়েক বছরে বাংলাদেশের নারী ফুটবলে বিনিয়োগ এবং তাদের খেলার মান অনেক বেড়েছে।’ 

বাংলাদেশ দলের প্রশংসা করে আন্তে মিলিচিক বলেন, ‘বাংলাদেশ একটি তরুণ এবং পরিশ্রমী দল, তারা প্রথমবারের মতো বড় কোনো টুর্নামেন্টে খেলতে এসেছে। তারা কোনো চাপ ছাড়াই সাবলীল ফুটবল খেলে। আমরা আগামীকাল একটি কঠিন ম্যাচের প্রত্যাশা করছি, তবে আমাদের মূল লক্ষ্য আমাদের নিজস্ব প্রস্তুতি এবং পরিকল্পনা মাঠে বাস্তবায়ন করা।’ 

বাংলাদেশকে সমীহ করলেও বেশ আত্মবিশ্বাসী চীনের অধিনায়ক উ হাইয়ান। তিনি বলেন, ‘বাংলাদেশ র‍্যাংকিংয়ে নিচে থাকলেও আমরা কালকের ম্যাচের আগে অন্য কিছু নিয়ে ভাবছি না। ধাপে ধাপে এগোতে চাই। চোটের কারণে আমি গত টুর্নামেন্ট মিস করেছিলাম, তাই এবার অধিনায়ক হিসেবে নিজের সেরাটা দিতে আমি উন্মুখ হয়ে আছি।’

ইত্তেফাক/জেডএইচ