চলতি মাসে একাধিক তীব্র তাপপ্রবাহ ও কালবৈশাখীর আভাস

আপডেট : ০২ মার্চ ২০২৬, ১৭:৪২

মার্চ মাসের শেষ দিকে একটি বা দুটি মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বয়ে যেতে পারে। একইসঙ্গে বৈশাখ মাস শুরু হওয়ার আগেই চলতি মাসে দুই বা তিন দিন হালকা থেকে মাঝারি এবং এক বা দুই দিন তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

প্রতিষ্ঠানটির দেওয়া মার্চ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। সেই পূর্বাভাস অনুযায়ী, এ মাসে দেশে কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই। তবে এ মাসে বৃষ্টি, শিলাবৃষ্টিসহ দুই থেকে তিনটি মাঝারি ধরনের এবং এক থেকে দুটি প্রচণ্ড কালবৈশাখী হতে পারে।

রোববার (১ মার্চ) রাতে অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বলেন, দীর্ঘমেয়াদী আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী এ মাসে দেশে কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই। তবে এ মাসে বৃষ্টি, শিলাবৃষ্টিসহ দুই থেকে তিনটি মাঝারি ধরনের এবং এক থেকে দুটি প্রচণ্ড কালবৈশাখী হতে পারে।

এদিকে চলতি মাসে ইতোমধ্যে তাপমাত্রা বেড়েই যাচ্ছে। এছাড়াও চলতি মাসে দেশের পশ্চিম ও দক্ষিণ–পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি আকারের তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আগের মাসের আবহাওয়া পরিস্থিতিও তুলে ধরা হয়েছে।

সেই প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে সারা দেশে স্বাভাবিক অপেক্ষা কম (-৯৯.৪%) বৃষ্টিপাত হয়েছে। ৬ থেকে ৮ ফেব্রুয়ারি কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। ফেব্রুয়ারি মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ ডিগ্রি সেলসিয়াস। রাঙামাটিতে এ তাপমাত্রা ছিল ১৮ ফেব্রুয়ারি। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। এ মাসে দেশের সর্বোচ্চ ও গড় তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা যথাক্রমে ১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ও শূন্য দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা শূন্য দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস কম ছিল।

ইত্তেফাক/এনটিএম