পদত্যাগপত্র জমা দিলেও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্বে বহাল থাকবেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান । সোমবার (২ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ।
তিনি বলেন, পদত্যাগপত্র জমা দেওয়া হলেও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর না হওয়া পর্যন্ত বর্তমান উপাচার্য দায়িত্বে থাকবেন। পরবর্তীতে সাময়িকভাবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে এবং এরপর স্থায়ীভাবে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হবে।
শিক্ষা প্রতিমন্ত্রী আরও বলেন, নতুন ভিসি নিয়োগের ক্ষেত্রে আন্তর্জাতিক মান অনুসরণের বিষয়ে প্রধানমন্ত্রী আগ্রহ প্রকাশ করেছেন এবং সরকার নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
সাত কলেজ ইস্যু নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি ইতোমধ্যে মীমাংসিত এবং এ নিয়ে সরকার কোনো তড়িঘড়ি সিদ্ধান্ত নেবে না।
আগামী বৃহস্পতিবার আসন্ন মন্ত্রিসভা বৈঠকে দেশের সামগ্রিক শিক্ষাঙ্গণ নিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হবে বলেও জানান শিক্ষা প্রতিমন্ত্রী।
