মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ওয়াশিংটন আশা করছে ইরানের জনগণ সরকার পরিবর্তনের ‘অপূর্ব সুযোগ’ কাজে লাগাবে। খবর আল-জাজিরার।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের বক্তব্যের উল্লেখ করে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট স্পষ্ট করে দিয়েছেন যে ‘এখনই তোমাদের সময়’—যা স্পষ্টতই ইরানের জনগণের উদ্দেশ্যে দেওয়া বার্তা।
ইরানের নিরাপত্তা বাহিনীকে সতর্ক করে হেগসেথ বলেন, তাদের পরবর্তী পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করা উচিত।
সম্মেলনে কড়া সতর্কবার্তা দিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, মার্কিন নাগরিকদের মৃত্যুর জন্য দায়ীদের খুঁজে বের করে হত্যা করা হবে।
হেগসেথ বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না। তেহরান তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে ঢাল হিসেবে ব্যবহার করে সামরিক সক্ষমতা জোরদার করছে।
২০১৫ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে সম্পাদিত পারমাণবিক চুক্তির সমালোচনা করে একে ব্যর্থ চুক্তি হিসেবে আখ্যায়িত করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
হেগসেথ বলেন, চলমান অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’র লক্ষ্য হলো ইরানের ক্ষেপণাস্ত্র, ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থাপনা, নৌ-সম্পদ এবং অন্যান্য নিরাপত্তা অবকাঠামো ধ্বংস করা।
