পাথরঘাটায় জবাইকৃত হরিণসহ শিকারি আটক

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ১৪:৫৪

বরগুনার পাথরঘাটা উপজেলার হরিণঘাটা জঙ্গল এলাকায় যৌথ বাহিনীর অভিযানে জবাইকৃত দুটি হরিণ ও শিকারের সরঞ্জামসহ মো. হানিফ (৪৫) নামে এক শিকারিকে আটক করেছে যৌথ বাহিনী। 

পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগের আদেশ দেওয়া হয়।

মঙ্গলবার (৩ মার্চ) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাদুরতলা খালসংলগ্ন এলাকায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় মো. হানিফকে হাতেনাতে আটক করা হয়। তিনি পাথরঘাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও আবুল বাশারের ছেলে।

অভিযানকালে ঘটনাস্থল থেকে আনুমানিক ৪ মণ (প্রায় ১৬০ কেজি) ওজনের দুটি জবাইকৃত পুরুষ হরিণ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া হরিণ শিকারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত ট্রলার, প্রায় ৯০০ ফুট ফাঁদ ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।

পরে সংক্ষিপ্ত বিচার কার্যক্রম পরিচালনা করেন পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মো. পনির শেখ। আদালত আসামিকে এক বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা জানান, আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত জবাইকৃত হরিণ দুটি কেরোসিন দিয়ে মাটি চাপা দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এএইচপি