আটকে পড়া জিসিসিভুক্ত দেশের ভ্রমণকারীদের জন্য মক্কায় ২,৫০০টি হোটেল কক্ষ বরাদ্দ করলো সৌদি আরব

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ১৬:১০

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়া উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)ভুক্ত দেশের নাগরিকদের থাকার জন্য ২,৫০০টি পূর্ণাঙ্গ সেবা-সুবিধাসম্পন্ন হোটেল কক্ষ বরাদ্দ করেছে মক্কা চেম্বার অব কমার্স। খবর গালফ নিউজের।

ব্যাপক ভ্রমণ বিঘ্নের কারণে সৌদি আরবজুড়ে বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়া উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)ভুক্ত দেশের নাগরিকদের থাকার জন্য সৌদি আরবের মক্কা চেম্বার অব কমার্স ২,৫০০টি পূর্ণাঙ্গ সেবা-সুবিধাসম্পন্ন হোটেল কক্ষ বরাদ্দ করেছে।

বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নির্দেশনার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জিসিসিভুক্ত দেশের নাগরিকদের আতিথ্য দেওয়ার এবং তারা নিরাপদে নিজ নিজ দেশে ফিরে যাওয়ার আগ পর্যন্ত তাদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার কথা বলা হয়েছে। নির্দেশনায় ক্ষতিগ্রস্তদের গ্রহণ করা ও সহায়তার জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া সহজ করার কথাও বলা হয়েছে।

চেম্বার জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

হোটেল ও পর্যটন কমিটির চেয়ারম্যান আবদুল মোহসেন আল আজলান নিশ্চিত করেছেন যে, উপযুক্ত আবাসন ও সেবা নিশ্চিত করতে কক্ষগুলো প্রয়োজনীয় সুবিধাসহ প্রস্তুত করা হয়েছে।

তিনি বলেন, এই পদক্ষেপ উপসাগরীয় অংশীদারদের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনের সময়ে সহায়তা দেওয়ার ক্ষেত্রে সৌদি আরবের অঙ্গীকারের প্রতিফলন।

তিনি আরও জানান, সহায়তা প্রত্যাশীদের জন্য মক্কা সবসময় উন্মুক্ত রয়েছে।

ইত্তেফাক/এমএএস