বিশ্বজুড়ে তেলের প্রায় এক‑পঞ্চম অংশ পরিবহণ হয় হরমুজ প্রণালী দিয়ে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা আক্রমণে অপরিশোধিত তেলের এই সরবরাহে বিঘ্ন ঘটেছে। মধ্যপ্রাচ্য থেকে সরবরাহকৃত তেলের বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্র থেকে অপরিশোধিত তেল আমদানি করবে বলে ঘোষণা দিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। খবর আল-জাজিরার।
ইন্দোনেশিয়ার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বাহলিল লাহাদালিয়া জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে মধ্যপ্রাচ্য থেকে ইন্দোনেশিয়ার অপরিশোধিত তেলের ২০-২৫ শতাংশ।
সাংবাদিকদের তিনি বলেন, আমরা বর্তমানে যে অপরিশোধিত তেল মধ্যপ্রাচ্য থেকে নিচ্ছি, তা এখন থেকে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করব। আমাদের অপরিশোধিত তেলের সরবরাহ নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ইন্দোনেশিয়ার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) আমদানির ৩০ শতাংশ মধ্যপ্রাচ্য থেকে আসে। সরকার এখন বিকল্প সরবরাহকারীর সন্ধান করবে।
বাহলিল বলেন, ইন্দোনেশিয়ার কাছে তিন সপ্তাহের পর্যাপ্ত অপরিশোধিত তেল সরবরাহ আছে। পর্যাপ্ত সংরক্ষণ সুবিধা না থাকার কারণে আরও আমদানি করা সম্ভব নয়।
ইন্দোনেশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত নতুন বাণিজ্য চুক্তির আওতায় ১৫ বিলিয়ন ডলারের মার্কিন শক্তি ক্রয়ের প্রতিশ্রুতি দিয়েছে।

