‘আমরা খুবই হতাশ’—হারের পর মারক্রাম

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০০:২৯

বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত হয়ে বিদায় নেওয়ার পর নিজের ও দলের চরম হতাশার কথা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। টুর্নামেন্টজুড়ে অপরাজিত থাকলেও নকআউট পর্বে এসে এমন হারে ভেঙে পড়েছেন তিনি।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মার্করাম বলেন, ‘আজকের এই ফলাফলে আমরা খুবই হতাশ। তবে পুরো আসরে ছেলেরা যেভাবে খেলেছে, তাতে আমি গর্বিত।’

অধিনায়ক জানান, এখনই হারের কারণ নিয়ে চুলচেরা বিশ্লেষণ না করে আগে নিজের আবেগ সামলানো প্রয়োজন। তিনি বলেন, ‘আগে নিজের মনকে শান্ত করতে হবে, তারপর দল হিসেবে বসে আমরা আলোচনা করব। তবে আমাদের আবারও ঘুরে দাঁড়াতে হবে। আমরা ভীষণ হতাশ হলেও আরও শক্তিশালী হয়ে ফিরব।’

হারের জন্য প্রোটিয়া অধিনায়ক কিউই বোলারদের পাশাপাশি প্রতিপক্ষের বিধ্বংসী ব্যাটিংকেও কৃতিত্ব দিয়েছেন। তিনি বলেন, ‘পরিস্থিতি বিবেচনা করে শুরুতে কিউইরা দারুণ বোলিং করেছে। আর কেউ যখন এমন একটি ইনিংস খেলে (ফিন অ্যালেন), তখন ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। উইকেট দেখে মনে হয়েছিল ১৯০ রান পর্যন্ত তুলতে পারলে ম্যাচে থাকা যেত। কিন্তু অ্যালেন ও সাইফার্ট পাওয়ার প্লে-তেই ম্যাচ আমাদের হাত থেকে ছিনিয়ে নিয়েছে।’

উল্লেখ্য, আসরজুড়ে দুর্দান্ত ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকা ভারতের মতো দলকেও হারিয়েছিল। তবে সেমিফাইনালে ১৬৯ রান সংগ্রহ করেও ফিন অ্যালেনের রেকর্ডগড়া সেঞ্চুরির কাছে নতিস্বীকার করতে হয় তাদের। ৪৩ বল হাতে রেখেই নিউজিল্যান্ড ৯ উইকেটের বিশাল জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করে।

ইত্তেফাক/এনএন