ইজিবাইক চুরির ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ-গোলাগুলিতে আহত ৫

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১৬:৪০
নাটোরের সিংড়া উপজেলায় একটি ইজিবাইক চুরির ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহতের খবর পাওয়া গেছে।
 
তবে বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এই ঘটনায় জড়িতদের কাউকে আটক কিংবা মামলা দায়েরের তথ্য নিশ্চিত হওয়া যায়নি। সিংড়া থানার ওসি আ.ব.ম আব্দুন নূর জানান, এ ঘটনায় ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। গোলাগুলির ঘটনায় তিনজনকে চিহিৃত করা হয়েছে।
 
এর আগে বুধবার দিবাগতর রাতে উপজেলার ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়নের কামার বড়িয়া গ্রামে ইজিবাইক চুরির ঘটনাকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন মো. হানিফ (৬০), মো. বেদন (৩৫), হাসান (২৮), শিমুল (৩০) ও আশিক (২২)। আহতদের সবার বাড়ি কামার বড়িয়া গ্রামে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক আড়াই টার দিকে একই গ্রামের মো. বায়েজিদের বাড়ি থেকে একটি ইজিবাইক চুরি হয়। এ ঘটনায় তিনি একই গ্রামের আলামিন ও মুনিরের বিরুদ্ধে সিংড়া থানায় অভিযোগ দায়ের করেন। মুনির বর্তমানে বড়িয়া গ্রামে শ্বশুরবাড়িতে থাকেন এবং তিনি আলামিনের খালাতো ভগ্নিপতি। 
 
সাইকেল চুরির ঘটনায় অভিযোগ দায়েরকে কেন্দ্র করে মঙ্গলবার বায়েজিদের বাড়িতে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।  এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাঁচজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে রাতেই সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত হানিফ (৬০) কে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
 
বৃস্পতিবার দুপুরে সিংড়া থানার ওসি আ.ব.ম আব্দুন নূর বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে। গুলিবর্ষণ ঘটনায় তিনজনের নাম পাওয়া গেছে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইত্তেফাক/এপি