নারায়ণগঞ্জে ন্যাড়া বাহিনীর প্রধান ‘কিলার বাবুকে’ কুপিয়ে হত্যা

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১৭:০৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় তালিকাভুক্ত সন্ত্রাসী ও ন্যাড়া বাহিনীর প্রধান রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবু ছুরিকাঘাতে নিহত হয়েছে। ওই সময় লিটন নামে তার আরেক সহযোগী আহত হন।

বৃহস্পতিবার (৫ মার্চ)  ভোররাত ৪টায় ফতুল্লার পঞ্চবটি মোড়ে এ হত্যকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

নিহত রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবু (৪০) ফতুল্লার লালপুর পৌষাপুকুরপাড় এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে। হাসিনা নামে এক কিশোরীকে ১৪ টুকরো করে হত্যার ঘটনায় আলোচনায় আসে। এরপর ‘কিলার বাবু’ হিসেবে পরিচিতি পান তিনি।

দীর্ঘ দিনের অভিযোগ, কিলার বাবুর গড়ে তোলা নাউড়া বা ন্যাড়া বাহিনী ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটী বন বিভাগ থেকে লোহার মার্কেট পর্যন্ত এলাকায় ছিনতাই করত।

অন্যদিকে তার বিরুদ্ধে পাঁচটি হত্যা, ছিনতাইসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সময় হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে এবং সে ওই থানার তালিকাভুক্ত সন্ত্রাসী বলে জানিয়েছে পুলিশ।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ হোসেন বলেন, ভোর রাত ৪টায় পঞ্চবটি মোড়ের কাছে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে কে বা কারা বাবু ও লিটনকে কুপিয়েছে তা জানতে পারিনি। তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুজনকে নেওয়ার পর বাবু মারা গেছে। লিটন চিকিৎসাধীন রয়েছে। কারা তাদের কুপিয়েছে তা জানার চেষ্টা চলছে। আহত বাবু কিছুটা সুস্থ হলে এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার সঙ্গে জড়িতদের নাম পরিচয় জানা যাবে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।  

ইত্তেফাক/এপি